ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৫, ২০২৬

আহমেদ সিয়াম:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। অনলাইনে আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ—এই পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অন্য চারটি ইউনিটের পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলাদেশ কৃষি, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। আইবিএ ইউনিটে থাকবে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা। চারুকলায় এমসিকিউয়ের জন্য ৩০ মিনিট ও অঙ্কনের জন্য ৬০ মিনিট এবং আইবিএতে এমসিকিউয়ের জন্য ৯০ মিনিট ও বর্ণনামূলক অংশের জন্য ৩০ মিনিট সময় থাকবে। অন্য তিনটি ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে বরাদ্দ।

ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মোট ১২০ নম্বরে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের ফলাফলের জন্য থাকবে ২০ নম্বর। আবেদন করতে হলে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিটভেদে আবেদনের জন্য জিপিএর শর্তও নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএর যোগফল কমপক্ষে ৮.০ এবং পৃথকভাবে প্রতিটিতে ৩.৫ থাকতে হবে। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে যোগফল কমপক্ষে ৭.৫ এবং প্রতিটিতে ৩.০ প্রয়োজন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে সাধারণভাবে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ ও পৃথকভাবে ৩.০ থাকতে হবে; তবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় ইউনিটে যোগফল ৮.০ এবং পৃথকভাবে ৩.৫ প্রয়োজন। চারুকলা ইউনিটে জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট কারিকুলাম অনুসারে পৃথক প্রশ্নপত্র তৈরি করা হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী বছরের ২৮ মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।