নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। এরই মধ্যে সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে পুলিশ বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি করে। রোববার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে আটক করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়। রাতে মামলা হওয়ার পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে উখিয়ার পাটুয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এতে ১০ জনের মৃত্যু হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি।
কক্সবাজারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হবে। দরকার হলে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে।
জেলার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা যাচ্ছে না।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন


















