‘আওয়ামীলীগ নেতাদের ব্যক্তিগত সভায় বাধা নেই’

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা

আহমেদ সিয়াম: 

শুধু আওয়ামী লীগের রাজনীতি করার কারণে কারও ব্যক্তিগত সভা-সমাবেশ আয়োজনের অধিকার বন্ধ হয়ে যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তবে নিষিদ্ধ দলটির নামে বা ব্যানারে কোনো কর্মসূচি হলে সেটিকে আইনের লঙ্ঘন হিসেবে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান তুলে ধরেন।

লন্ডন থেকে দেশে ফেরার পর আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ এলাকায় সভা করার প্রসঙ্গটি সংবাদ সম্মেলনে ওঠে। এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নটি এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। তবে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর আওতায় দলটির কার্যক্রম এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে।

উপদেষ্টা স্পষ্ট করেন, আওয়ামী লীগের দলীয় পরিচয়ে কোনো সভা, সমাবেশ কিংবা মিছিল করা যাবে না। কিন্তু দলের সাবেক বা বর্তমান কোনো নেতাকর্মী ব্যক্তিগতভাবে অন্য কোনো সভা-সমাবেশে অংশ নিলে বা আয়োজন করলে সেটিকে একইভাবে নিষিদ্ধ বলা যাবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে কি না, তিনি কারাগারে আছেন নাকি জামিনে রয়েছেন, তা বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে অতীতে সম্পৃক্ত ছিলেন—এমন ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ না থাকলে, তিনি কারাবন্দি না হলে কিংবা জামিনে থাকলে তাঁর ব্যক্তিগত সভা-সমাবেশ করার সুযোগ রয়েছে। শুধু দলটির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সব ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

তবে ওই সাবেক সংসদ সদস্যের সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ব্যবহারের অভিযোগের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এমন ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই আইনবিরুদ্ধ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ওই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা থাকলে বিদেশ থেকে দেশে ফেরা কিংবা আবার বিদেশে যাওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে তাঁর সুনির্দিষ্ট আইনি অবস্থান আগে যাচাই করা প্রয়োজন। মামলা থাকলেই বিদেশ যাতায়াত বন্ধ হয়ে যায় না। সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক কি না, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না এবং থাকলে তিনি তা অমান্য করেছেন কি না, সেসব বিষয় পরীক্ষা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।