আন্তর্জাতিক:
হরমুজ প্রণালিতে নির্ধারিত পথ এড়িয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত পেয়ে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
আইআরজিসি নৌবাহিনীর মঙ্গলবারের বিবৃতি অনুযায়ী, দিনের একেবারে শুরুতেই ঘটনাগুলো ঘটে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের আলো এত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যে প্রণালির পূর্ব দিকের জেলেরা রাতের আকাশে তীব্র আলোর ঝলক দেখতে পান।
ইরানি বাহিনীর ভাষ্য, ট্যাংকার তিনটি চলাচলের সময় নিজেদের নেভিগেশন এবং পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। একই সঙ্গে তারা হরমুজ প্রণালির অনুমোদিত রুট অনুসরণ না করে বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছিল।
এ সময় জাহাজগুলো সমুদ্রের মাইনে আঘাত পায়। বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায়। পরে প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি সেগুলো জ্বলতে দেখা যায় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিয়মকানুন ইরানের পক্ষ থেকে আগেই বেতার যোগাযোগ ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল। এসব নির্দেশনা বারবার প্রচার করা হয়েছে বলেও দাবি তাদের।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতার বিষয়ে সতর্কবার্তাও দেওয়া হয়। ইরানের নির্ধারিত নিয়ম উপেক্ষা করে অনুমোদনহীন পথে চলাচলে যারা এমন সহযোগিতা করবে, তাদেরও একই পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি নৌবাহিনী।

















