সরবরাহ সংকটের শঙ্কায় বাড়ল তেলের দাম

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২১, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে তেলবাহী জাহাজ ও গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনায় সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বুধবার (২১ অক্টোবর) অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে দেখা গেছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল বিক্রি হয় ১০৯ দশমিক ৬৪ ডলারে। আগের তুলনায় দাম বেড়েছে ৮৫ সেন্ট, যা শূন্য দশমিক ৭৮ শতাংশ। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের মূল্য ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৫৮ ডলারে ওঠে।

তেলের বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর ভাষ্য, প্রণালির দক্ষিণে সমুদ্রে মাইনের আঘাতে জাহাজটিতে আগুন লাগে। ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, সংশ্লিষ্ট জাহাজটি দেশটির নিয়ম লঙ্ঘন করেছিল।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও বেড়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের হিসাবে, দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার তথ্য পাওয়া গেছে। এতে গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পরিস্থিতিকে আরও জটিল করেছে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। এসব ঘটনার প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।

এর আগে মঙ্গলবার কূটনৈতিক তৎপরতার খবরে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তবে নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় বাজারে সেই স্বস্তি স্থায়ী হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারেও ডিজেলের সংকট দেখা দিয়েছে। সরবরাহ ঘাটতির কারণে দেশটিতে ডিজেলের দাম বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জ্বালানি শোধনাগারের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে মার্কিন জ্বালানি বিভাগ।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।