আ. লীগের ভোট নিয়েই ক্ষমতায় বিএনপি: জামায়াত আমির

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনে আওয়ামী লীগের কাছে ভোট চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেছেন, দেশ পরিচালনায় ব্যর্থ হলে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতার অভিযোগ নাকচ করে শফিকুর রহমান বলেন, বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে নানা বক্তব্য দিচ্ছে। অথচ নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা করেছে দলটি। তাঁর দাবি, বিএনপির নির্বাচনী বিজয়ে আওয়ামী লীগের সমর্থন ছিল বলে শেখ হাসিনাসহ দলটির কয়েকজন নেতাও বক্তব্য দিয়েছেন।

সরকারি প্রশাসনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, সীমান্ত দিয়ে অর্থ, অস্ত্র ও মাদক প্রবেশ বন্ধ করা সরকারের দায়িত্ব। এসব ঘটনায় বিরোধীদের দায়ী না করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য চাঁদাবাজিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন শফিকুর রহমান। পঞ্চগড়ে কৃষকের চারটি লাউ এক টাকায় বিক্রির উদাহরণ দিয়ে তিনি বলেন, সেই লাউ ঢাকায় প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তাঁর অভিযোগ, পথে পথে চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, যার চাপ শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের বহন করতে হচ্ছে।

রাজধানীর রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনা উল্লেখ করে তিনি জানতে চান, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগ করিয়ে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে। চাঁদাবাজির কারণে বিএনপির সাধারণ কর্মীরাও নিজ দলের লোকজনের হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াত আমির বলেন, মাদক প্রবেশ ও ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাঁর দাবি, সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় বড় মাদকের চালান প্রবেশের অভিযোগ তুলেছেন। দিনের বেলায় ৫০টি ট্রাকে ডাকাতির ঘটনাও ঘটছে বলে উল্লেখ করেন তিনি।

আন্দোলন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জামায়াত ও ১১-দলীয় জোট জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মসূচি পালন করছে। কোনো বিশেষ দলের স্বার্থ রক্ষার জন্য এ আন্দোলন নয়। গণভোটে ৭০ শতাংশ মানুষ ইতিবাচক সংস্কারের পক্ষে মত দিয়েছেন বলে দাবি করে তিনি জানান, হুমকি উপেক্ষা করে নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।