১৯ বছর পর শিশু ধর্ষণের আসামির যাবজ্জীবন

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :অক্টোবর ১৩, ২০২৬

১৯ বছর পর শিশু ধর্ষণের আসামির যাবজ্জীবন

সৌরভ পাল: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ঘটনার প্রায় ১৯ বছর পর আসামি সুমেল খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাক আহমদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত সুমেল খাঁ সিলেটের বালাগঞ্জ উপজেলার গোপকান গ্রামের তোইমুজ খাঁর ছেলে। মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ৫ নভেম্বর রাতে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করা হয়। ঘটনার সময় আসামির বয়স ছিল ২২ বছর।

এ ঘটনায় পরদিন, ৬ নভেম্বর, ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

রায়ে জরিমানার অর্থ ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামি নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা আদায়ের ব্যবস্থা নিতে সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমান সম্পত্তি থেকে পুরো অর্থ আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে অর্জিত সম্পত্তি থেকেও তা আদায় করা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া দণ্ড কার্যকরের জন্য আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী, আসামি আগে যে সময় কারাগারে আটক ছিলেন, তা সাজা থেকে বাদ দেওয়ার সুবিধাও পাবেন।

দীর্ঘ সময় পর মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে ভুক্তভোগী শিশুর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। একই সঙ্গে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ঘটনায় দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন

আরো পড়ুন...

অপরিকল্পিত গাড়ি পার্কিং, চট্টগ্রামে বাড়তি যানজটের কারণ