অতিন বিশ্বাস: এক দিনের সফরে ফেনীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ফেনীতে তাঁর প্রথম সফর।সফরে প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন, স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, বৃক্ষরোপণ এবং সৌরবিদ্যুৎ সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন।
মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধনসফরের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরাম উপজেলার উপকণ্ঠে ও খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ জুন প্রকল্পটি অনুমোদন করে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। এর আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেচ অবকাঠামোর উন্নয়ন ও সংস্কারের কাজও করা হবে।ফুলগাজীতেও কর্মসূচিপরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীতে যাবেন। সেখানে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। এসব সৌর প্যানেলের সম্মিলিত ক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট।
পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় বিশ্রাম ও নামাজ আদায়ের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডবিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড-সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রমে অংশ নেবেন তিনি।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের বিভিন্ন অনুষ্ঠানস্থলকে নিরাপত্তার জন্য রেড, ইয়েলো ও হোয়াইট এই তিনটি জোনে ভাগ করার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
মুহুরী-কহুয়া প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা কমানো, নদীতীর রক্ষা এবং কৃষি ও সেচব্যবস্থার উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।













