সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

দিপঙ্কর রায়: সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খান হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদ হাসান (২৬) সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার বাসিন্দা। অপরজন অমিত হাসান ওরফে শিপন (৩০), একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, জাকারিয়া হত্যাকাণ্ডের পর নাহিদসহ মামলার অন্য আসামিরা আত্মগোপনে চলে যান। পরে নাহিদ সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমন তথ্যের ভিত্তিতে সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। ভোর ৪টার দিকে শুইলপুর এলাকায় অভিযান চালিয়ে নাহিদ ও অমিতকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এই মামলায় এজাহারভুক্ত আসামি মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে নাহিদ ও অমিতকে গ্রেপ্তারের পর এ মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২ অক্টোবর রাতে সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানের সামনে বিরোধের একপর্যায়ে জাকারিয়া খানকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো পড়ুন....

সাংবাদিকদের উপর পর হামলা:, দাবির মুখে হল প্রাধ্যক্ষের অব্যহতি