ফুটবল খেলাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১

সৈয়দ আতিক ফয়সাল,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ইতিহাস ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইতিহাস বিভাগের ১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থীর নাম আবু সুয়াইব মোহাম্মদ জিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ইতিহাস বিভাগের ফুটবল দলের গোলরক্ষক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বিকেলে চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শেষ ষোলর খেলা চলছিল। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে উভয় দল সমান অবস্থানে দাড়ায়। পরে ট্রাইবেকারে ইতিহাস বিভাগ ৩-১ গোলে জয়লাভ করে। তখন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের গোলরক্ষক গ্যালারিতে বসা ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি ও স্লেজিং করে। তখন ইতিহাস বিভাগের গোলরক্ষক বাধা দেওয়ার চেষ্টা করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন হাতাহাতিতে ইতিহাস বিভাগের গোলরক্ষক আহত হয়।

‎এ বিষয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘খেলাটি শুরু থেকে সুন্দরভাবেই চলছিল। ট্রাইবেকারে ইতিহাস বিভাগ জেতার পর একপর্যায়ে মারামারি ও উত্তেজনা দেখা দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। ইতিহাস বিভাগের একজন শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়ার বিষয়টি আমি দেখিনি, তবে পরে বিষয়টি জানতে পেরেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। আমরা দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

আরো পড়ুন...

রাজধানীতে তীব্র বিদ্যুৎ বিভ্রাট: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ