আহমেদ সিয়াম:
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকানোর সক্ষমতা চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনাকালে তিনি এ প্রার্থনা করেন।
মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তাওফিক দিয়েছ। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’
এ সময় সংসদের সদস্যরা যেন জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনের সক্ষমতা অর্জন করতে পারেন, সে জন্যও দোয়া করেন তিনি।
এর আগে বিকেল ৩টা ৩৮ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই ধর্ম প্রতিমন্ত্রী দেশ, রাষ্ট্র ও সংসদের কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন।














