মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি:
মানুষের বিপদে পাশে দাঁড়ানোর রাজনীতি করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত ৪ অসহায় রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হোটেল গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের হলরুমে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সহায়তা প্রদান অনুষ্ঠানে এই অর্থ তুলে দেওয়া হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
সহায়তা পাওয়া ৪ জন হলেন
- লোহাগাড়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জমিদার পাড়ার ক্যান্সার রোগী মিনা আক্তার
- আমিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সৈয়দ পাড়ার আবুল হাশেম
- আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড দৌলত পাড়ার হৃদরোগী ইশরাত জাহান মাওয়া
- পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড তেওয়ারীখীল এলাকার মো. ইসমাইলের ছেলে হাসান আল বান্না
"জনগণের জন্য রাজনীতি করছে বিএনপি"
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, "আওয়ামী লীগের দুঃশাসন ও লুটপাটের কারণে দেশের মানুষ আজ কষ্টে আছে। সেই ক্ষত সারিয়ে সাম্য, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য।"
তিনি আরও বলেন, "বিএনপির রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক নয়, মানুষ কেন্দ্রিক। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ তারই প্রমাণ।"
লায়ন হেলাল বলেন, "রাষ্ট্রের সুবিধা দলীয় বিবেচনায় নয়, প্রয়োজনের ভিত্তিতে পৌঁছে দিতে হবে। সরকারের পাশাপাশি সমাজের সামর্থবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।"
যারা উপস্থিত ছিলেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, হাজি রফিকুল আলম, উপজেলা বিএনপির নেতা এটিএম জাহেদ চৌধুরী, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ রহিম, এম এ কাশেম প্রমুখ।
এছাড়াও জেলা মৎস্যজীবী দল, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে নেতৃবৃন্দ অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার ঘোষণা দেন।













