জাতীয় চা দিবস

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০২৬

জাতীয় চা দিবস

জয়শ্রী রানী: চা শুধু একটি পানীয় নয় বরং বাঙ্গালির শিকড়ে মিশে থাকা আবেগ। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে শুরু করে রাস্তার পাশের টঙ্গের দোকানসহ দেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে চালের ঘ্রাণ, এমনটাই বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামসুনাহার সুমি। শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক আবার অফিসের বড়বাবু হোক কিংবা পরিচ্ছন্নকর্মী, চা যে আত্মার সাথে মিশে থাকা ব্যাপার।

অফিসে প্রবেশ থেকে শুরু করে অফিস থেকে বের হওয়া পর্যন্ত একমাত্র ’চা’ ই এমন একটা উপাদান যা সাথে থাকে। চা নিয়ে নিজের অনুভূতি বলতে গিয়ে এমন রূপক ব্যবহার করছিলেন নিজেকে চা খোর দাবী করা জয়নাবা হক। তিনি আরো বলেন, এক কাপ চা যেন সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়।

আজ ২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে বেসরকারিভাবে পালিত হচ্ছে "ন্যাশনাল চাই ডে" বা "জাতীয় চা দিবস" তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এটি বাংলাদেশের সরকারিভাবে ঘোষিত জাতীয় চা দিবস নয়। বাংলাদেশে সরকারিভাবে জাতীয় চা দিবস পালিত হয় প্রতিবছর ২০ জুন, যেখানে চা শিল্পে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও চা বাগানকে সম্মাননা দেওয়া হয়।

আন্তর্জাতিক খাদ্য ও পানীয়বিষয়ক পঞ্জিকা "ন্যাশনাল ডে ক্যালেন্ডার"-এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে "সমরস" (SomruS) নামের একটি প্রতিষ্ঠান "ন্যাশনাল চাই ডে" দিবসটি চালু করে। মূলত উপমহাদেশের ঐতিহ্যবাহী মসলা চা তথা "চাই"-এর বৈশ্বিক জনপ্রিয়তা ও সাংস্কৃতিক আবেদনকে স্বীকৃতি দিতেই এই দিবসের প্রচলন করা হয়। দিবসের নামে ব্যবহৃত "চাই" শব্দটি দিয়ে সরাসরি উপমহাদেশীয় ঐতিহ্যবাহী আদা-এলাচ মেশানো মসলা চা-কেই নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে।

এই দিনটি উদযাপনে বিশেষ কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন হয় না। নিজের জন্য কিংবা প্রিয়জনের হাতে এক কাপ ধোঁয়া ওঠা মসলা চা তুলে দেওয়ার মধ্য দিয়েই মূলত এই ভালোবাসার দিনটি উদযাপিত হয়ে থাকে। ঘুম ভাঙা সকাল থেকে শুরু করে বন্ধুদের আড্ডা কিংবা বৃষ্টিভেজা বিকেল চায়ের সঙ্গে জড়িয়ে থাকা এসব চেনা মুহূর্তকে কেন্দ্র করেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি।
btri.gov.bd

বাংলাদেশেও চায়ের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক নিছক পানীয়ের গণ্ডি ছাড়িয়ে একটি জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে। তাই আন্তর্জাতিক এই দিনটি ঘিরে দেশের সামাজিক যোগাযোগমাধ্যমেও চা-প্রেমীদের মধ্যে একধরনের উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে, যদিও এটি বাংলাদেশের দাপ্তরিক কোনো জাতীয় দিবস নয়।

আরো পড়ুন...

জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী