জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০২৬

জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

অতিন বিশ্বাস: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের পথে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, জাতিসংঘের এই সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম অংশগ্রহণ, যার মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ মোট ৩৫ জনের একটি প্রতিনিধিদল এই সফরে তাঁর সঙ্গী হচ্ছেন।

নিউইয়র্কে পৌঁছানোর পর ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগদানের কথা রয়েছে তাঁর।

উল্লেখযোগ্য বিষয় হলো, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের এই মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান, যা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরো পড়ুন...

প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে গাজী নজরুল