মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: ফটিকছড়িতে দুটি মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফটিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন পূজার সামগ্রী, নগদ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর ভোরে সুন্দরপুর ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী শিব ও মগধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটে।
এর কয়েক দিন পর ৩০ সেপ্টেম্বর রাতেও লেলাং ইউনিয়নের শ্রী শ্রী মা মঙ্গল চণ্ডী মন্দিরে চুরি হয়। দুটি ঘটনার পরই ফটিকছড়ি থানায় পৃথক মামলা করা হয়।ঘটনাগুলোর তদন্তে নেমে পুলিশ বিভিন্ন তথ্য ও আলামত বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালায়। পরে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও কালাকুনা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইউসুফ, ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার রফিকুল আলমের ছেলে মো. হাশেম, ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া হামজা টিলা এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. সাহাব উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্দ্রপুর এলাকার মৃত জামির হোসেনের ছেলে রুহুল আমিন। রুহুল আমিন বর্তমানে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের কাছ থেকে তিনটি পিতলের ঘট, দুটি পঞ্চবটি প্রদীপ, দুটি ত্রিশূল, একটি পিতলের ঘণ্টা, ছয়টি পিতলের সরই, ছয়টি স্টিলের প্লেট, দুটি চামচ, একটি বড় পিতলের ঘট, দুটি কোষা, একটি বদনা, একটি কাঁসার গামলা, একটি গ্লাস, ছয়টি পিতলের থালা, একটি আরতি, একটি দুর্গামূর্তি ও চারটি পিতলের বাটি উদ্ধার করা হয়েছে।
এছাড়া একটি প্রণামী বাক্স থেকে নেওয়া ১ হাজার ২০০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মসজিদ ও মন্দিরের দানবাক্স এবং অন্যান্য সামগ্রী চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাদের এই বক্তব্যের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
ফটিকছড়ি থানা পুলিশ বলছে, চুরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে চুরি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।













