ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা বন্ধ ঘোষণা

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ১৫, ২০২৬

ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা বন্ধ ঘোষণা

সুমন সরকার, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কারখানা কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।কারখানার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি কারখানার প্রধান ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার স্কুইব রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কাজ করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কারখানার ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। ওষুধ তৈরিতে ব্যবহৃত রাসায়নিকসহ বিভিন্ন উপকরণ পুড়ে যাওয়ায় ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। এতে শ্বাসকষ্টের ঘটনাও ঘটে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে অবশিষ্ট আগুন ও উত্তপ্ত উপকরণ পুরোপুরি নেভাতে ডাম্পিং কার্যক্রম চালানো হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার রাতে ডাম্পিংয়ের কাজ শেষ হয়। তবে অগ্নিকাণ্ডে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।আগুন লাগার কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

কারখানা বন্ধ ঘোষণার ফলে সেখানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের কাজের বিষয়ে পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে। কারখানার উৎপাদন কার্যক্রম কবে পুনরায় শুরু হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি।সূত্র: দেশ রূপান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও ঢাকা ট্রিবিউন।