ডেঙ্গু প্রতিরোধে চকবাজারে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ২, ২০২৬

মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম নগরীর চকবাজারের নূর পাহাড় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অভিযানটি ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. ইলিয়াসের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না; প্রত্যেক নাগরিককে নিজের বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা নিয়মিত অপসারণের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

তিনি আরও জানান, আগামী ৪ থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মশারি বিতরণসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, প্রশাসনিক ওয়ার্ড আমীর, সেক্রেটারি এবং স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিয়মিত সচেতনতা ডেঙ্গুর ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।