বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

Jaya Sarkar

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০২৬

বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ ও সিএনজি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মুরাদ (৪৩) নামে একজনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দায়ের করা ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল বলে পুলিশ জানিয়েছে।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সড়কে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং একটি চলন্ত সিএনজি অটোরিকশার কাচ ভাঙচুরের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান। সংঘর্ষের কারণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে বাকলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে পুলিশ।পুলিশ জানায়, রাতভর অভিযানে ঘটনার এজাহারভুক্ত আসামি মো. মুরাদ এবং তার দুই সহযোগী সুমন (৩৫) ও রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার মুরাদের আগের অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে বিভিন্ন থানায় দায়ের করা মামলার নথিতে তার নাম পাওয়া গেছে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলা রয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এলাকায় সংঘর্ষ ও জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন....

কলেজ বাজারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ