কলেজ বাজারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

Jaya Sarkar

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০২৬

কলেজ বাজারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় নিরাপদে সড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজ বাজার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এ.জে. চৌধুরী ডিগ্রি কলেজ, এ.জে. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার অংশ দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন।

মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির যানবাহনের কারণে তাদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। এ কারণে দীর্ঘদিন ধরে এলাকাটিতে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মহাসড়কের কাছাকাছি হওয়ায় প্রতিদিন শিক্ষার্থীদের সড়ক পারাপার করতে হয়। বিশেষ করে ক্লাস শুরুর ও ছুটির সময় একসঙ্গে অনেক শিক্ষার্থী মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় যানবাহনের চাপ থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া এক স্থানীয় সমাজসেবক বলেন, কলেজ বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।তবে শুধু ফুটওভার ব্রিজ নির্মাণ করলেই সেটি কার্যকর হবে কি না, তা নিয়েও কর্মসূচিতে আলোচনা হয়।

স্থানীয়দের একাংশের মতে, ব্রিজ নির্মাণের পাশাপাশি মানুষকে সেটি ব্যবহারে উৎসাহিত ও বাধ্য করার মতো কার্যকর ব্যবস্থা থাকতে হবে।আন্দোলনকারীরা প্রস্তাব করেন, মহাসড়কের মাঝের আইল্যান্ডে প্রায় ৮ থেকে ১০ ফুট উচ্চতার লোহার গ্রিল বা নিরাপত্তাবেষ্টনী দেওয়া হলে পথচারীদের নির্ধারিত ফুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করা সম্ভব হবে। এতে মহাসড়কের যত্রতত্র পারাপার কমানো এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করা যেতে পারে বলে মনে করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার সময় মহাসড়ক পার হতে গিয়ে তাদের উদ্বেগের মধ্যে থাকতে হয়।

ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ তৈরি হবে এবং তাদের দুর্ভোগও কমবে।এ সময় এলাকাবাসী কলেজ বাজার এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরো পড়ুন

সারাদেশে চলছে ভ্যাপসা তাপদাহ, সাগরে গভীর নিম্নচাপ