আহমেদ সিয়াম:
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি দুটি পৃথক পর্বে বক্তব্য দেবেন তিনি।
সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আলোচনারও কথা রয়েছে।
তুরস্ক সরকারের আমন্ত্রণে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সোমবার (৯ নভেম্বর) সংশ্লিষ্ট সরকারি সূত্রে তাঁর সফরের এসব তথ্য জানা গেছে।
সোমবার তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে কপ৩১ সম্মেলন। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, পরিবেশবিদ এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরবে বাংলাদেশ। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আর্থিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারেক রহমান। প্রথমে ইস্তাম্বুলে পৌঁছে সেখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ায় যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি প্রতিনিধিদল।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামী ১২ নভেম্বর বিকেলে তাঁর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী দেশটিতে যাচ্ছেন। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে গিয়ে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তুরস্ক সফরে দুই নেতার মধ্যে এটি দ্বিতীয় দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, খরা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।
এ পরিস্থিতিতে কপ৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা, অভিযোজন তহবিল বাড়ানো এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ। বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য দ্রুত অনুদান দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
পাশাপাশি জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং কৃষি, শিল্প ও জ্বালানি খাতের রূপান্তরে উন্নয়নশীল দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তার দাবি জানানো হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন-জীবিকাকে ঝুঁকির মধ্যে ফেলছে। এ কারণে জলবায়ু ন্যায়বিচার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ।
তিনি আরও বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বাড়ানো জরুরি। ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায়ও সহজলভ্য অনুদান চাওয়া হবে।
কপ৩১-এ বাংলাদেশের জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা ও উদ্যোগ তুলে ধরতে দুটি প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং পৃথক একটি পাট প্যাভিলিয়ন রয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানান, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের মতামতের ভিত্তিতে সম্মেলনের জন্য বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদল স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি৭৭ এবং সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য বাস্তবায়নে কপ সম্মেলন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ। শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রতিশ্রুতি থাকলেও তা অর্জনে আন্তর্জাতিক উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়।
এবারের সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো, মিথেন গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
ইউএনএফসিসিসির মিডিয়া উইং জানিয়েছে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। আনতালিয়ার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের মনোনীত সভাপতি মুরাত কুরুম। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন ক্রিস বোয়েন।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুতির পাশাপাশি কার্যকর সিদ্ধান্ত ও বাস্তবায়ন জরুরি। জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করাই এবারের সম্মেলনের বড় চ্যালেঞ্জ।














