আহমেদ সিয়াম:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের। ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবরকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কোনো দণ্ডিত আসামি বা হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণযোগ্য নয়। তিনি দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা আবেদন করতেই পারেন। তবে আবেদন করলেই তা গ্রহণ করার বাধ্যবাধকতা নেই। একজন দণ্ডিত আসামিকে সাধারণ ভ্রমণ কিংবা ব্যক্তিগত সফরের সুযোগ দেওয়ার প্রশ্ন আসে না। তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।
শেখ হাসিনার সাজা কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে একটি মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আরও কয়েকটি মামলা বিচারাধীন। রায় কার্যকর করতে তাঁকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। এ লক্ষ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
ভারতকে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের যেসব নেতা বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে দেশের সম্পদ লুটপাট, জমি ও বাড়ি দখল এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের প্রতি দেশের মানুষের তীব্র ক্ষোভ ও ঘৃণা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনের পর আলোচনা
এর আগে সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদনটি পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শেখ হাসিনার সহযোগীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
তবে নতুন পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের প্রধান উদ্যোগ হবে প্রত্যর্পণ প্রক্রিয়া।














