আগের সরকারের জিডিপির হিসাবে অসংগতি পেয়েছে কমিটি: অর্থমন্ত্রী

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৮, ২০২৬

অর্থমন্ত্রী

আহমেদ সিয়াম: 
বিগত সরকারের সময় দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর ভাষ্য, ফরেনসিক অডিটের মাধ্যমে এসব গরমিল চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কমিটি। বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে দ্রুত প্রতিবেদন প্রকাশ করা হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় বিবিএসকে জনমুখী, পূর্ণ স্বাধীন, নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই প্রতিষ্ঠানটি যাতে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য এর স্বাধীনতা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকার বাস্তবায়নের পথে এগোচ্ছে।

তিনি বলেন, টেকসই উন্নয়ন, কার্যকর পরিকল্পনা ও সঠিক সরকারি নীতি প্রণয়নের জন্য নির্ভরযোগ্য এবং সহজলভ্য পরিসংখ্যান অপরিহার্য। সরকারের আয়-ব্যয়ের হিসাব থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। নির্ভুল তথ্য ছাড়া কার্যকরভাবে সামনে এগোনো সম্ভব নয়।

পরিসংখ্যান ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নও প্রয়োজন। অর্থনৈতিক গণতন্ত্রায়ন ছাড়া রাজনৈতিক গণতন্ত্র কার্যকর হতে পারে না। এ কারণে বিবিএসকে আরও ক্ষমতায়িত ও গণমুখী করা জরুরি।

সরকারি পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা বাড়াতে তথ্যকে আরও স্বচ্ছ, পরিমাপযোগ্য ও বিশ্বাসযোগ্য করার কথা জানান তিনি। রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্যে তথ্য বিকৃতির বিষয়ে সতর্ক করে অর্থমন্ত্রী বলেন, কোনো সরকার তথ্য-উপাত্তে কারসাজি করলে প্রকৃতপক্ষে নিজেদেরই প্রতারিত করে। এতে সরকারের কর্মসূচি ও নীতির বাস্তবায়নও বাধাগ্রস্ত হয়।

অতীতের তথ্য পর্যালোচনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, কোথায় অসংগতি রয়েছে এবং সমস্যার মূল কারণ কী, তা বুঝতেই ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে। তবে এই উদ্যোগকে শুধু আগের সরকারের ভুল খোঁজার কাজ হিসেবে দেখা উচিত নয়। সমস্যার গভীরে না গেলে সঠিক সমাধান বের করা সম্ভব হবে না।

অর্থমন্ত্রী বলেন, সঠিক ও সহজলভ্য তথ্য সরকারের নীতি প্রণয়ন, গবেষকদের গবেষণা এবং বৈষম্য শনাক্ত করে সংশোধনমূলক পদক্ষেপ নিতে সহায়তা করে। দেশে অনেক নীতি নেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। তাই নতুন নীতি গ্রহণের পাশাপাশি বিদ্যমান নীতির কার্যকর বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার।

আধুনিক পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী ডিজিটাল অবকাঠামোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, সরকার ও জনগণের অগ্রগতিতে ডিজিটাল অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ ব্যবস্থা চালুর পরিকল্পনা বাস্তবায়নেও সমন্বিত ও নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন।

পরিসংখ্যান ও গবেষণার তথ্য সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে আমির খসরু বলেন, তথ্য সহজলভ্য হলে জনগণের মতামত, পর্যালোচনা ও স্বাধীন গবেষণার সুযোগ বাড়বে। এতে ভুলত্রুটি শনাক্ত করে সংশোধন করা সহজ হবে। গবেষণার সুযোগ-সুবিধা ও তথ্য অনলাইনে উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

তিনি বলেন, সরকারি উদ্যোগে তথ্য সংগ্রহ করা হলেও এসব তথ্যের প্রকৃত মালিক জনগণ। তাই এগুলোকে শুধু সরকারের সম্পদ হিসেবে দেখা উচিত নয়; সমাজের সামগ্রিক স্বার্থে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

বিবিএসের কর্মকর্তা-কর্মচারীদের, বিশেষ করে মাঠপর্যায়ে কাজ করা কর্মীদের ভূমিকার প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সরকারের উন্নয়ন কর্মসূচির সঙ্গে কার্যক্রমের সমন্বয়ে তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বিবিএসের জনবল সংকট ও পরিচালনাগত সমস্যার বিষয়েও সরকার অবগত রয়েছে বলে জানান তিনি। এসব সমস্যা সমাধানে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। সরকারি কর্মকর্তা, পরিসংখ্যানবিদ, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীন, স্বচ্ছ ও জনমুখী পরিসংখ্যান ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।