একই পে স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৮, ২০২৬

শিক্ষামন্ত্রী

আহমেদ সিয়াম: এমপিওভুক্ত শিক্ষকদের বেতনবৈষম্য দূর করে অন্যদের সঙ্গে একই পে স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিগগিরই নতুন পে স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা।

রোববার (৮ নভেম্বর) বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে যে বৈষম্য ছিল, তা দূর করে সবাইকে একই পে স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বছর সর্বোচ্চ বাজেট পাওয়া গেছে এবং অন্যরা নতুন পে স্কেল পেয়েছেন। এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান দুর্বলতা কাটিয়ে সবাইকে একই কাঠামোর মধ্যে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

শিক্ষার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশ্ব এখন একটি গ্লোবাল ভিলেজ। তাই আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিয়ত প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতে হবে।

শিক্ষা ও প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই এর অপব্যবহার করা যাবে না।

তিনি জানান, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশ থেকে ৩৪৭ জন স্থান পেয়েছেন। তাঁদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করছে সরকার।

গবেষণা ও প্রকাশনায় অবদান রাখা ব্যক্তিদের নিয়ে সরকার কাজ করতে আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, গবেষণার নামে প্লেজিয়ারিজম বা অন্যের গবেষণা চুরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি গবেষণায়ও যুক্ত হতে হবে। তবে লেকচারার হিসেবে দায়িত্ব পালনের পর এবং অধ্যাপক হওয়ার পর্যায়ে ধারাবাহিকভাবে পিএইচডিসহ উচ্চতর গবেষণায় প্রবেশের পরিকল্পনা থাকা প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানোও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।