সামিটের এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৭, ২০২৬

এলএনজি

আহমেদ সিয়াম:
রক্ষণাবেক্ষণ কাজ শেষে কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটির পুনঃগ্যাসীকরণ কার্যক্রম চালু হয়। এতে জাতীয় গ্যাস গ্রিডে এলএনজি সরবরাহ স্বাভাবিক ধারায় ফিরেছে।

শনিবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামিটের টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় দুপুর ১টা থেকে পুনঃগ্যাসীকরণ শুরু হয়েছে। এখন দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টায় দেশে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ২ হাজার ৪০৮ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এসেছে ১ হাজার ৫৮৪ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে সরবরাহ করা হয়েছে ৮২৪ মিলিয়ন ঘনফুট।

রক্ষণাবেক্ষণের জন্য গত বুধবার (৪ নভেম্বর) সামিটের এলএনজি টার্মিনালটি বন্ধ করা হয়েছিল। এতে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়।

পেট্রোবাংলার হিসাবে, ৪ নভেম্বর সকাল ৮টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫৪০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৫৬৬ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৯৭৪ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়েছিল।

টার্মিনাল বন্ধ হওয়ার পর ওই দিন সকাল ১০টায় মোট সরবরাহ নেমে আসে ২ হাজার ৭৯ মিলিয়ন ঘনফুটে। এ সময় দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৫৬৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৫১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। অর্থাৎ মাত্র দুই ঘণ্টায় সরবরাহ কমে যায় ৪৬১ মিলিয়ন ঘনফুট।

এর আগে পেট্রোবাংলা জানিয়েছিল, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিটের টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় পুনঃগ্যাসীকরণ বন্ধ থাকায় সারা দেশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছিল।