আইজিপির মন্তব্যে ক্ষোভ, ক্ষমা চাওয়ার দাবি শিবিরের

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বক্তব্যটির বিরোধিতা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেছে, এ ধরনের মন্তব্য আইনের শাসন ও সাংবিধানিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আর ইসলামী ছাত্রশিবির আইজিপির বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা দাবি করেছে।

সোমবার (২৬ অক্টোবর) পৃথক বিবৃতিতে জামায়াত ও ছাত্রশিবিরের পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

তিনি অভিযোগ করেন, অতীতে গুম, বিচারবহির্ভূত হত্যা ও ক্রসফায়ারের মাধ্যমে নাগরিকদের অধিকার লঙ্ঘিত হয়েছে। আইজিপির সাম্প্রতিক মন্তব্যে একই ধরনের কর্মকাণ্ড ফিরে আসার আশঙ্কা রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে জামায়াত। সংগঠনটির মতে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এদিকে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, বিচারবহির্ভূত হত্যার ইঙ্গিত বহন করে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা আইজিপিকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

শিবির নেতারা সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, প্রত্যেক নাগরিকের জীবন, ব্যক্তিস্বাধীনতা ও আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। অপরাধের অভিযোগ উঠলে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে। শাস্তি নির্ধারণের দায়িত্ব পুলিশের নয়, বিচার বিভাগের।

তাঁরা পুলিশ সদর দপ্তরের পরবর্তী ব্যাখ্যারও সমালোচনা করেন। শিবির নেতাদের দাবি, ওই ব্যাখ্যার মাধ্যমে আইজিপির বক্তব্যকে যৌক্তিক প্রমাণের চেষ্টা করা হয়েছে, যা উদ্বেগজনক।

বিতর্কের সূত্রপাত সোমবার সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের একটি ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে, তাহলে আমরা সেটাই করব।’

বক্তব্যটি গণমাধ্যমে প্রকাশের পর পুলিশ সদর দপ্তর ব্যাখ্যা দিয়ে জানায়, অপরাধী চক্র ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দৃঢ় অবস্থান তুলে ধরতেই আইজিপি ওই শব্দ ব্যবহার করেছেন।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।