ভারতকে নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৭, ২০২৬

শীর্ষ নেতার পদে পরিবর্তন আনছে এনসিপি

অতিন বিশ্বাস: ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে গঙ্গা, তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

আজ বুধবার (৭ অক্টোবর) রাজধানীর পলাশীতে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের পাদদেশে শহীদ আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আবরার ফাহাদ স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা বা শত্রুতার প্রয়োজন নেই। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, সমতা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেকগুলো অভিন্ন নদী রয়েছে। দীর্ঘদিন ধরে এসব নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাচ্ছে না বলে দাবি করেন তিনি।

তার মতে, পানিবণ্টনের বিষয়টি শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশ্ন নয়, বরং বাংলাদেশের ন্যায্য অধিকার ও আন্তর্জাতিক নদী আইনের সঙ্গেও সম্পর্কিত।ফারাক্কা ব্যারাজের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, গঙ্গার পানিপ্রবাহের ওপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে। তার ভাষায়, ফারাক্কা ব্যারাজ বাংলাদেশের জনগণকে বঞ্চিত করার একটি হাতিয়ারে পরিণত হয়েছে।

গঙ্গা চুক্তি নতুন করে করার দাবি

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের স্বার্থ সুরক্ষার জন্য নতুন করে চুক্তি করার সুযোগ এসেছে। তাঁর মতে, বিদ্যমান চুক্তি শুধু নবায়ন না করে ন্যায্য হিস্যা নিশ্চিত করে নতুন চুক্তি করতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলে আসছে। এখন গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনার মধ্য দিয়ে সেই সদিচ্ছার প্রমাণ দিতে হবে।নাহিদ ইসলাম আরও বলেন, গঙ্গার পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের ন্যায্য অধিকার এবং সমান অংশীদারত্ব নিশ্চিত করা প্রয়োজন।

আবরার ফাহাদকে জাতীয় স্বার্থের প্রতীক হিসেবে উল্লেখ

শহীদ আবরার ফাহাদকে বাংলাদেশের জাতীয় মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

তিনি আরো বলেন, আবরার দেশের স্বার্থ ও নদীর পানির ন্যায্য হিস্যার পক্ষে কথা বলেছিলেন। তার স্মৃতিকে ধারণ করতে হলে জাতীয় স্বার্থ রক্ষায় সোচ্চার থাকতে হবে।আবরার ফাহাদ হত্যা মামলার রায় কার্যকর না হওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত এবং আবরার ফাহাদ স্মৃতি সংসদের নেতারা উপস্থিত ছিলেন।