নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনের বিভিন্ন এলাকা আকাশপথে পর্যবেক্ষণ শেষে বাগেরহাটের মোংলা নৌঘাঁটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে ঘাঁটির জেটিতে পৌঁছান তিনি। দিনের বাকি সময়ে মোংলা বন্দর এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ৮টায়। নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে রওনা হন। প্রায় এক ঘণ্টা পর হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ বনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে নৌপথে মোংলা নৌঘাঁটিতে যান তিনি।
সফরসূচিতে দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির সময় রাখা হয়েছে। এরপর বেলা ১টা ৪৫ মিনিটে নৌঘাঁটির ওয়ার্ড রুমের সভাকক্ষে একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচিতে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এর আগে ২টা ৪৫ মিনিটে জেটির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর। বন্দর পরিদর্শন শেষে বিকেল সোয়া ৩টায় প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় সেখানে পরিদর্শন কর্মসূচি নির্ধারিত রয়েছে।
দিনের কর্মসূচি শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টার দিকে তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
সফর ঘিরে মোংলা ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর পরিদর্শনস্থলগুলোতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
প্রশাসন সূত্রের ভাষ্য, এটি রাজনৈতিক সফর নয়; সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর আয়োজন করা হয়েছে। তাই নির্ধারিত সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও নিরাপত্তাকর্মীদের উপস্থিতির ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














