মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বার কোয়ার্টার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিযোগে ‘মায়ের দোয়া চানাচুর কারখানা’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বার কোয়ার্টারের পশ্চিম ঝর্ণাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্রে জানা যায়, অভিযানের সময় কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। পাশাপাশি খাদ্যপণ্য তৈরিতে বিভিন্ন ধরনের অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এছাড়া পোড়া তেল বারবার ব্যবহারেরও প্রমাণ মেলে বলে জানায় চসিক।এসব অনিয়মের কারণে কারখানাটির বিরুদ্ধে মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি
চসিকের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহলের অনেকে। তাঁদের মতে, খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হলে ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য পরিবেশ তৈরি করা সম্ভব।













