মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে পৃথক ‘উত্তর সাতকানিয়া থানা’ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ ইউনিয়নের আইনজীবীদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাতকানিয়া উপজেলার উত্তরাঞ্চলের কেঁওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, খাগরিয়া, ধর্মপুর ও পুরানগড় - এই ৬টি ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ বর্তমানে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। থানাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক সেবা কেন্দ্রে যেতে তাদের দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এতে সাধারণ মানুষের সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি জরুরি সেবা প্রাপ্তিতে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, ভৌগোলিক অবস্থান ও জনসাধারণের দৈনন্দিন প্রশাসনিক চাহিদা বিবেচনায় উত্তরাঞ্চলের ৬টি ইউনিয়নকে নিয়ে পৃথক থানা গঠন করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধ, দ্রুত পুলিশি সেবা প্রদান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
পুলিশি সেবা দেওয়ার ক্ষেত্রে থানার ভৌগলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর সাতকানিয়ার ৬ ইউনিয়নের বাসিন্দাদের জন্য পৃথক থানা প্রতিষ্ঠিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণসহ পুলিশি সেবা দ্রুত পাওয়া এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুযোগ বাড়বে।
আইনজীবীরা বলেন, উত্তর সাতকানিয়া থানা গঠন শুধু প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের বিষয় নয়, এটি ৬ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জনদাবির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ দাবি জানিয়ে আসছেন।
তারা বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট দাবি নয়; বরং ৬ ইউনিয়নের সর্বস্তরের মানুষের নিরাপত্তা, সহজ প্রশাসনিক সেবা ও জনদুর্ভোগ কমানোর সঙ্গে সম্পর্কিত একটি যৌক্তিক দাবি।
বর্তমান সময়ে জনসংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং মানুষের প্রশাসনিক সেবার চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনশৃঙ্খলা ব্যবস্থাকেও আরও জনবান্ধব ও সহজলভ্য করা প্রয়োজন। এ ক্ষেত্রে উত্তর সাতকানিয়া থানা প্রতিষ্ঠা হলে ৬ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে বলে তারা আশা করছেন।
স্মারকলিপির মাধ্যমে আইনজীবীরা উত্তর সাতকানিয়া থানা বাস্তবায়নের দাবিকে প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরে এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ৬ ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের এ দাবির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।













