প্রবীণদের সামাজিক সুরক্ষায় সরকার নিয়োজিত: প্রধানমন্ত্রী

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ১, ২০২৬

প্রবীণদের সামাজিক সুরক্ষায় সরকার নিয়োজিত: প্রধানমন্ত্রী

অতিন বিশ্বাস: প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে বয়স্ক ভাতা সম্প্রসারণ, ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এবারের দিবসের প্রতিপাদ্য ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের গড় আয়ু বাড়ছে। দীর্ঘায়ু মানুষের সামনে নতুন সম্ভাবনা তৈরি করলেও দীর্ঘ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা এবং পারিবারিক সহায়তার ব্যবস্থাগুলোকে সময়োপযোগী করা প্রয়োজন।তিনি বলেন, প্রবীণদের স্বার্থ রক্ষায় সরকার সচেতন। প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। জীবনচক্রের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি প্রবীণ বয়সে নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর বাণীতে আরও বলা হয়, বয়স্ক ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি এর আওতাভুক্ত মানুষের সংখ্যাও সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং সামাজিক নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার কার্যক্রম এগিয়ে চলছে।

প্রবীণদের পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের দীর্ঘদিনের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর ভিত্তি করেই বর্তমান বাংলাদেশ গড়ে উঠেছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্র তিন পর্যায়েই প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রবীণদের সুস্বাস্থ্য বজায় রাখা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখা এবং সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে।

তাদের স্বাস্থ্যসেবা, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষাব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে দেশের সব প্রবীণ নাগরিকের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য, যেখানে তরুণ ও প্রবীণ প্রতিটি মানুষ নিজের সক্ষমতা কাজে লাগিয়ে মর্যাদাপূর্ণ ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারবেন।

তিনি ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬-এর সার্বিক সফলতা কামনা করেন।

আরো পড়ুন...

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ