নয়ন বিশ্বাস: মাঠের সবুজ গালিচায় জাদুকরী পায়ের কাজে যেমন লাখো হৃদয় জয় করেছেন তেমনি মাঠের বাইরেও নিঃশব্দে মানবিকতার নজির গড়ে চলেছেন লিওনেল মেসি।
এবার বার্সেলোনায় ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য গড়ে উঠতে যাওয়া একটি বিশেষায়িত হাসপাতাল কমপ্লেক্স নির্মাণে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকা।
ফরাসি সংবাদমাধ্যম "ফুট মার্কেতো"র প্রতিবেদন অনুযায়ী, মেসির এই অনুদান দেওয়া হয়েছে বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ হাসপাতাল কেন্দ্রে নির্মাণাধীন এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার প্রকল্পে। প্রায় ৩ কোটি ইউরো ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই কেন্দ্রটির আয়তন হবে প্রায় ৫ হাজার ১৩৭ বর্গমিটার।
নির্মাণাধীন এই বিশ্বমানের কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ জন ক্যানসার আক্রান্ত শিশুকে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা প্রদানের পরিকল্পনা রয়েছে। লক্ষ্য হলো, ক্যানসার আক্রান্ত শিশুরা যেন এক ছাদের নিচেই সব ধরনের আধুনিক চিকিৎসা, থেরাপি ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা একসঙ্গে পেতে পারে।
উল্লেখ্য, শিশুদের কল্যাণে এটিই মেসির প্রথম উদ্যোগ নয়। এর আগেও তাঁর নিজস্ব দাতব্য প্রতিষ্ঠান "মেসি ফাউন্ডেশন"-এর মাধ্যমে শিশুদের লিউকেমিয়া সংক্রান্ত গবেষণায় অনুদান দিয়েছেন তিনি। পাশাপাশি নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওর একটি স্থানীয় হাসপাতালেও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অবদান রেখেছেন মেসি। fcbarcelona.com
মাঠের বাইরে এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে বারবারই প্রমাণিত হয়েছে, গোল করা কিংবা ট্রফি জেতাই মেসির একমাত্র পরিচয় নয় সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।













