পারিবারিক কবরস্থানেই দাফন হলো মরিয়ম

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০২৬

পারিবারিক কবরস্থানেই দাফন হলো মরিয়ম

সোবহান আলী, সাতক্ষীরা প্রতিনিধি: ২০০৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে ভিটেমাটি হারিয়ে যে গ্রাম ছেড়েছিল মরিয়মের পরিবার, দীর্ঘ পথ পরিক্রমার পর সেই উপকূলীয় গ্রামেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে গভীর রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর সোমবার বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে ঢাকা থেকে গাবুরার উদ্দেশে রওনা হন। মরদেহ পৌঁছানোর আগেই গ্রামের বাড়িতে কবর খোঁড়ার কাজ শেষ করে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছিল বলে জানান মরিয়মের চাচি মুন্নী আক্তার।

দীর্ঘ যাত্রা শেষে রাত সাড়ে ১২টা ৪৫ মিনিটের দিকে গাবুরায় পৌঁছায় মরিয়মের মরদেহ। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে মরিয়মের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক স্থানীয় গ্রামবাসী ও পুলিশ প্রশাসনের সদস্যরা। উপকূলের স্বজন হারানো এই ভিটায় মরিয়মের অন্তিম শয়ান কাঁদিয়েছে পুরো গাবুরাবাসীকে।

এদিকে মরিয়মের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সোমবার সকালে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। শ্যামনগর বাসস্ট্যান্ড থেকে উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে বের হওয়া এই বিক্ষোভ মিছিল শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন বিক্ষোভকারীরা, যেখানে তারা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করে তার সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান। সমাবেশ থেকে বক্তারা মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন এবং গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলেরও দাবি জানান।

উল্লেখ্য, মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

আরো পড়ুন....

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রীর