রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

shohrab russel

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০২৬

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

অতিন বিশ্বাস: রোহিঙ্গা সংকটকে আর কেবল মানবিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান এই সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা ইস্যুটি যেন জাতিসংঘের আন্তর্জাতিক রাডারে সবসময় সক্রিয় থাকে এবং অন্য কোনো বৈশ্বিক রাজনৈতিক সংঘাত বা সংকটের আড়ালে চাপা পড়ে না যায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের যেন পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফেরত পাঠানো যায়, সে লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহায়তা এবং নেতৃস্থানীয় দেশগুলোর সক্রিয় রাজনৈতিক ভূমিকা অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে তিনি জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকে এই সংকট নিরসনে আরও কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি ফরমুলেশন কমিটি অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স’ নামে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে, যা এই সংকট মোকাবিলায় সরকারের সার্বিক কৌশল নির্ধারণে কাজ করবে। পাশাপাশি রোহিঙ্গা শিবির এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। তবে এই সংকটের দীর্ঘসূত্রতা দেশের অর্থনীতি, সমাজ ও নিরাপত্তা কাঠামোর ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন। এ অবস্থায় শুধু মানবিক সহায়তা দিয়ে সংকট মোকাবিলা সম্ভব নয় বরং একটি টেকসই রাজনৈতিক সমাধানই এই সমস্যার প্রকৃত সমাধান বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

আরো পড়ুন...

তারেক রহমানের নির্দেশে লোহাগাড়ায় ৪ রোগীকে আর্থিক সহায়তা