৫ সেপ্টেম্বরের লংমার্চ সফলে চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রস্তুতি সভা ‘লংমার্চকে ঐতিহাসিক গণসমাবেশে পরিণত করতে হবে’ – নজরুল ইসলাম

shohrab russel

প্রকাশ :আগস্ট ২৮, ২০২৬

৫ সেপ্টেম্বরের লংমার্চ সফলে চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

চট্টগ্রাম প্রতিনিধি: মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান

আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ এবং লংমার্চ-পরবর্তী লালদিঘী ময়দানের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ মিলনায়তনে এ সমাবেশ হয়। নগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ শুধু একটি কর্মসূচি নয়। এটি জনগণের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-তেল-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা উন্নয়নের দাবিতে এ লংমার্চ।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। দলীয়করণ বন্ধ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। লংমার্চ ও লালদিঘীর সমাবেশকে ঐতিহাসিক গণসমাবেশে রূপ দিতে প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটে ব্যাপক গণসংযোগ ও প্রচারের নির্দেশ দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন সহ নগর নেতৃবৃন্দ।

সমাবেশে লংমার্চ সফলে থানা ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

আরো পড়ুন...

জন্মাষ্টমীর নিরাপত্তায় কঠোর সিএমপি, অনুষ্ঠিত হলো ‘নিরাপত্তা সমন্বয় সভা