নিজস্ব প্রতিবেদক:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শৈক্যচিং মার্মা (৫৫) নামের ওই ব্যক্তি দলটির বান্দরবান জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর তাঁকে আদালত-সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বান্দরবান পৌর শহরের মধ্যমপাড়ায় নিজের বাড়ি থেকে শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মংশৈপ্রু মার্মার ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, প্রায় পাঁচ মাস ধরে ওই নারীর সঙ্গে শৈক্যচিং মার্মার সম্পর্ক ছিল। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে নিজের সাইনী রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।
এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন দুপুরে রিসোর্টে একসঙ্গে খাবার খাওয়ার সময় ওই নারী বিয়ের প্রসঙ্গ তুললে শৈক্যচিং মার্মা তাতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রিসোর্টে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন। মামলার এজাহারে অভিযুক্তকে তাঁর দূরসম্পর্কের দুলাভাই হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন শৈক্যচিং মার্মা। তাঁর দাবি, অর্থ আদায়ের উদ্দেশ্যে তাঁকে ব্ল্যাকমেইল করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুল ইসলাম বলেন, নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মধ্যমপাড়া থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।



















