আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় বজ্রসহ প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় দেশটির চার অঞ্চলের বিভিন্ন স্থানে রেড অ্যালার্ট ঘোষণা করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র।
রোববার (১৮ অক্টোবর) ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা বাতাস বয়ে যেতে পারে। বাতাসের তীব্রতা বাড়লে ধুলিঝড়ের সৃষ্টি হতে পারে। টানা ভারী বর্ষণে নিচু এলাকায় হঠাৎ বন্যা দেখা দেওয়ার ঝুঁকিও রয়েছে।
একই সময়ে জাজান, আসির, আল-বাহা ও মক্কার কয়েকটি এলাকায় কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকাতেও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে।
এদিকে বৃষ্টির সতর্কতার মধ্যেও সৌদির বিভিন্ন শহরে উচ্চ তাপমাত্রা বিরাজ করতে পারে। দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। মক্কায় ৩৯ ডিগ্রি, রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি এবং মদিনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি, হেইলে ৩৩ ডিগ্রি এবং আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। তাবুকে ২৮ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। তুলনামূলক শীতল আবহাওয়া থাকতে পারে আভা ও আল-বাহায়। সেখানে তাপমাত্রা যথাক্রমে ২৫ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আভা, আল-বাহা ও জাজানে বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। জেদ্দা ও দাম্মামে ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ আর্দ্রতার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া তাবুক, আরার ও সাকাকায় ৭০ শতাংশ, মদিনা ও হেইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত আর্দ্রতা থাকতে পারে। বৃষ্টি, ঝড় ও কুয়াশার পূর্বাভাসের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল হওয়ার আশঙ্কা রয়েছে।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।

















