মহাঅষ্টমীতে ঢাকেশ্বরীতে ভক্তদের ভিড়

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ১৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে পূজা-অর্চনা ও ধর্মীয় নানা আয়োজনে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দিনের অন্যতম আকর্ষণ কুমারী পূজা ও সন্ধিপূজা।

মহাসপ্তমীর পর সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে দেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা উপলক্ষে দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের আয়োজন রাখা হয়েছে।

মহাঅষ্টমীর বিশেষ আয়োজন কুমারী পূজা। রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মঠে সকাল সাড়ে ৯টায় এ পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী বালিকার মধ্যে দেবীর মাতৃরূপ কল্পনা করে তাঁকে দেবীজ্ঞানে পূজা করা হয়।

শাস্ত্রীয় রীতি অনুসারে, সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কন্যাকে কুমারী পূজার জন্য নির্বাচন করা হয়। বয়স অনুযায়ী তাঁদের বিভিন্ন দেবীর নামে অভিহিত করা হয়। শ্রীশ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুযায়ী, নারীর মধ্যে মাতৃরূপ ও দেবীত্বের উপলব্ধিই এ পূজার মূল তাৎপর্য।

পূজার আগে নির্বাচিত কুমারীকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়। কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দিয়ে সাজিয়ে বিশেষ আসনে বসানো হয় তাঁকে। পরে ষোড়শোপচারে দেবীজ্ঞানে তাঁর আরাধনা করেন ভক্তরা।

এদিকে মহাঅষ্টমীর আরেক গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন সন্ধিপূজা। শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য ও উলুধ্বনির মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোতে উৎসবের আবহ তৈরি হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে মহাঅষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।