নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গ্রিডে আকস্মিক সমস্যার কারণে ঢাকার পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিট থেকে এসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, গ্রিডের সমস্যাটি সমাধান করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর চেষ্টা চলছে। তবে কী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে চট্টগ্রামের কিছু এলাকাও বিদ্যুৎহীন হয়ে পড়ে।
পরিস্থিতি স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। সেসব এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা সচল রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, গ্রিডের ত্রুটি সারানোর কাজ চলছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কখন পুরোপুরি বিদ্যুৎ ফিরবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট সময় জানানো হয়নি।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














