চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২৫, ২০২৬

চার দিনের সরকারি সফরে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তাঁর এ সফর। রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর টোকিওর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া দেশটির শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান বহিঃবাণিজ্য সংস্থা (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সফরের সম্ভাব্য কর্মসূচিতে এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদরদপ্তর ও টয়োটার গাড়ি উৎপাদন কারখানা পরিদর্শনের বিষয়ও রয়েছে।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন এগিয়ে নেওয়া এ সফরের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসতে পারে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চুক্তিটি কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে সমঝোতা স্মারক সই হতে পারে। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ঘোষণাও আসার সম্ভাবনা রয়েছে।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।