নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজার আবহ কাটতে না কাটতেই দেবী দুর্গার সাজে নিজের ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবির সঙ্গে ধর্মীয় অসহিষ্ণুতা, সামাজিক অন্যায় ও নৈতিক অবক্ষয় নিয়ে ২২টি বক্তব্য তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন রুমিন ফারহানা। পোস্টে তিনি বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে সমাজে ধর্মীয় মূল্যবোধের প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘বলাৎকারে ধর্ম যায় না’, ‘ঘুষ খেলে ধর্ম যায় না’, ‘শিশু ধর্ষন বা নির্যাতনে ধর্ম যায় না’, ‘মানুষ খুনে ধর্ম যায় না’ এবং ‘নারীর উপর সহিংসতায় ধর্ম যায় না’।
নারীর বিরুদ্ধে অপবাদ, অন্যের সম্পদ লুট, প্রতারণা, মিথ্যাচার ও ধর্মকে ব্যবসায় পরিণত করার বিষয়গুলোও তাঁর বক্তব্যে উঠে আসে।
এ ছাড়া উত্তরাধিকারসূত্রে বোনের প্রাপ্য সম্পদ আত্মসাৎ, বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অবহেলা, অন্যের অধিকার হরণ, ধর্মের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, ওজনে কম দেওয়া এবং খাদ্যে ভেজালের মতো বিষয়গুলোর সমালোচনা করেন তিনি।
পোস্টের শেষদিকে রুমিন ফারহানা লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’
ছবির সাজ নিয়েও একটি মন্তব্য করেন তিনি। পোস্টের বিশেষ দ্রষ্টব্য অংশে লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’
শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পর দেবী দুর্গার সাজে ছবি প্রকাশ এবং এর সঙ্গে ধর্মীয় সহনশীলতা ও সামাজিক অসংগতি নিয়ে বক্তব্য তুলে ধরেন এই সংসদ সদস্য।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














