মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাঠে নেমেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কর্ণফুলী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা মইজ্জ্যারটেক চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’-এর সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে মইজ্জ্যারটেক চত্বরের আশপাশের এলাকা, ড্রেন, ফুটপাত ও ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়। এসময় জমে থাকা পানি অপসারণ ও ডেঙ্গুর লার্ভা ধ্বংসে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পথচারী, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ডেঙ্গু থেকে বাঁচতে বাসা-বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, টায়ার ও খোলা পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ‘মানবতার শেষ আশ্রয়’ সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন, শুধু প্রশাসনের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেঙ্গুমুক্ত কর্ণফুলী গড়তে সকলকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।













