নুর আলম: ছাত্রকে দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন করানোর অভিযোগে নরসিংদীর
মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মাধবদী থানায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর আওতায় এই মামলা করেন।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ওই পরীক্ষক নিজে উত্তরপত্র যাচাই না করে তা তাঁর ছাত্রদের দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।
অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের আলিম পরীক্ষার উত্তরপত্র সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন
নিজে না দেখে শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়নের কাজ করিয়েছেন, যা সরাসরি পরীক্ষা সংক্রান্ত বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা আমলে নেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে।
এর মধ্যেই বোর্ডের পক্ষ থেকে খাতা মূল্যায়নে এই বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাশাপাশি তাঁকে বোর্ডের অধীন যেকোনো পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালনের জন্য আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতে খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় আরও কঠোর তদারকি নিশ্চিত করা প্রয়োজন।













