মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নগরের নতুন রেলওয়ে স্টেশনের সামনে ৭ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল কবিরের নেতৃত্বে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ওই এলাকার পাকা সড়ক থেকে মো. ইউনুছ প্রকাশ সোনা মিয়া (২৩) ও ছলিমা খাতুন (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাদের হেফাজতে থাকা ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে ইয়াবাগুলো কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের পর উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয় এবং গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় মামলা নম্বর ৫৮ দায়ের করা হয়। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারা প্রয়োগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।মামলার প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।














