নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুল: শেখ হাসিনা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুল: শেখ হাসিনা

জয়শ্রী রানী: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনা নিজেই।

সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, শেখ সেলিম বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

এ কারণেই তাঁর অনুপস্থিতিতে দলীয় সভাপতির দায়িত্ব পালনের জন্য শেখ সেলিমকেই সবচেয়ে যোগ্য মনে করেন তিনি।

এ প্রসঙ্গে নিজের ছোট বোন শেখ রেহানার বিষয়েও কথা বলেন সাবেক এই সরকারপ্রধান।

তিনি স্পষ্ট করে জানান, শেখ রেহানা কখনোই সরাসরি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকারের সঙ্গে দীর্ঘ এই কথোপকথনে নিজের দেশে ফেরার ইচ্ছা,

ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক

এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা মন্তব্য করেন শেখ হাসিনা।

সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফেরার আগ্রহ তাঁর রয়েছে। তবে দেশে ফিরলে নিজের নিরাপত্তা নিয়ে তাঁর মধ্যে গভীর উদ্বেগ কাজ করছে।

এমনকি দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে হত্যা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এছাড়া তাঁর দেশে ফেরার উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তাঁর দাবি, এই প্রক্রিয়ায় যুক্ত প্রত্যেকেরই জীবনের ঝুঁকি রয়েছে, তাই দেশে ফেরার জন্য কাউকে নির্দেশনা দিয়ে বিপদে ফেলতে চান না তিনি।

সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে ভারতের অবস্থান এবং বিরোধীদলীয় নেতা তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে নয়াদিল্লির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

তাঁর মতে, দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘমেয়াদি আঞ্চলিক বোঝাপড়া গড়ে তোলাই ভবিষ্যতের জন্য সবচেয়ে জরুরি।

তিনি মন্তব্য করেন, কোনো সামরিক জোটের পরিবর্তে আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে তোলার ওপরই গুরুত্ব দেওয়া প্রয়োজন।