ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, বিজিবি মোতায়েন

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :নভেম্বর ৪, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, বিজিবি মোতায়েন

অতিন বিশ্বাস:

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় ও ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

ভোর থেকে শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে আটকে পড়ে বিভিন্ন ধরনের যানবাহন। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।

উদ্ভূত পরিস্থিতিতে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। পুলিশ ও বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যান্য দাবি বাস্তবায়ন। এসব দাবিতে কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলন করে আসছেন।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে হেমায়েতপুর ও আশপাশের কয়েকটি কারখানায় কর্মবিরতি চলছে। ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড ও পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেডে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকার খবর পাওয়া গেছে। আগের দিনও শিল্পাঞ্চলের শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুরের দিকে পুলিশ শ্রমিকদের অবরোধ সরিয়ে দিলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়ার পোশাকশিল্পের উৎপাদন ও পরিবহন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।