সরকারি চাকরির ভাইবায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

shohrab russel

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০২৬

সরকারি চাকরির ভাইবায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি : সরকারি চাকরির ভাইবায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ  মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
‎
‎বিক্ষোভ মিছিলে প্রতিবাদস্বরূপ তারা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যমের ঠাই নাই’, ‘ভাইবা কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘আমার সোনার বাংলায়, ভাইবা কোটার ঠাই নাই’, ‘তদবিরের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘সারা বাংলায় খবর দে, ভাইবা কোটার কবর দে’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’ ইত্যাদি স্লোগান দেন।
‎
‎বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ‘এটি সকারের মেধা ধ্বংসকারী সিদ্ধান্ত । সরকার সব জায়গায় দলীয়করণ করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তারা সেটি প্রমাণ করছে। সরকার যদি মেধাবীদের সঠিক মূল্যায়ন না করে দলীয়করণ করতে চাই, তবে আমরা তা শক্ত হাতে প্রতিরোধ করব।’
‎
‎সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী আরমান বলেন, ‘এই সরকার আমাদের পেটে লাথি মারার জন্য যেভাবে পা এগিয়ে দিয়েছে আমরা এর প্রতিবাদ জানাই। সরকার ৫০% ভাইবার নাম্বার করে নিজের দলীয়করণ করছে। সরকারের প্রতি আমাদের সবসময় সহযোগিতা রয়েছে । তবে তারা যদি ৫০% ভাইবা নম্বর নাম করে কোটাকে ভিন্ন আঙ্গিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।’
‎
‎উল্লেখ্য, মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) জনবল নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর সমান (৫০-৫০) করা হয়েছে। প্রক্সি পরীক্ষা বা জালিয়াতি রোধের যুক্তি দেখিয়ে রোববার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সংক্রান্ত একটি বিধিমালার অনুমোদন দেওয়া হয়।

আরো পড়ুন...

রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’ এর যাত্রা শুরু