উৎপাদনের পথে রূপপুর

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৮, ২০২৬

আজ ঢাকায় পৌঁছাবে রূপপুরের ইউরেনিয়াম

সাদেকুল আলম,পাবনা প্রতিনিধি: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। ইউনিটটির স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের (পিওআরভি/পিওএসভি) প্রয়োজনীয় পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে। সব প্রস্তুতি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া গেলে আগামী ডিসেম্বরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

বুধবার (৭ অক্টোবর) রাতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কালবেলা।

প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে ১৬ দশমিক ১ মেগাপ্যাসকেল চাপ ও ২৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২টি পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তী ধাপে ১৮ দশমিক ৬৫ মেগাপ্যাসকেল চাপে ভালভের কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষাও শেষ হয়েছে।নিরাপত্তা যাচাইয়ে গুরুত্ববিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে অতিরিক্ত চাপ তৈরি হলে তা নিয়ন্ত্রণ ও নিরাপদে চাপ কমাতে স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভালভগুলোর কার্যকারিতা যাচাইয়ের সময় খোলা ও বন্ধ হওয়ার গতি, প্রতিক্রিয়া, সতর্কসংকেত এবং চাপ ও তাপমাত্রার বিভিন্ন পরামিতি পর্যবেক্ষণ করা হয়েছে।এর আগে ভালভে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় পরীক্ষার কাজ বাধাগ্রস্ত হয়েছিল।

পরে রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় ভালভ মেরামত করে পুনরায় পরীক্ষা চালানো হয়।এখন প্রয়োজন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনপ্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আগে গুরুত্বপূর্ণ ধাপ হলো ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’।

এ পর্যায়ে চুল্লিতে নিয়ন্ত্রিত ও স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক চেইন বিক্রিয়া শুরু হবে। এ জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) অনুমোদন প্রয়োজন।

ফার্স্ট ক্রিটিক্যালিটি ও ফিজিক্যাল স্টার্ট-আপের পর ধাপে ধাপে চুল্লির ক্ষমতা বাড়ানো হবে। এরপর টারবাইনের সঙ্গে জেনারেটরের সমন্বয় এবং জাতীয় গ্রিডে সংযোগের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এসব ধাপ সফলভাবে শেষ হলে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।

প্রকল্প-সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদন নির্ধারিত সময়ে সম্পন্ন হলে ডিসেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদন শুরু হওয়া সংশ্লিষ্ট কারিগরি কার্যক্রম ও অনুমোদনের ওপর নির্ভর করছে।