রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০২৬

রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান প্রধানমন্ত্রীর

জয়শ্রী রানী: মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে জাতীয় পুনর্মিলনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত

ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমনিতেই একটি জনবহুল দেশ।

তার ওপর দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

তিনি বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হলে এই চাপ কমার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও মানোন্নয়নের সুযোগও তৈরি হবে।

এ কারণে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

পাশাপাশি তিনি বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য জাপানের বিশেষ দূতকে ধন্যবাদ জানান এবং তাঁর দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ, আর এই সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়া বলেন, প্রায় পাঁচ দশক ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা

ও বৈষম্য নিরসনে কাজ করে আসছেন এবং মিয়ানমার পরিস্থিতি নিয়েও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত।

এ সময় তিনি রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন মানবিক অনুদান ও সহযোগিতার কথাও তুলে ধরেন।

তবে রাখাইন প্রদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে এগোচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে বৈঠকের এসব তথ্য জানান।

আরো পড়ুন....

নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুল: শেখ হাসিনা