অতিন বিশ্বাস: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান স্পষ্টভাবে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর ভাষণের জন্য দেওয়া এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি এ কথা বলেন। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত ওই বার্তায় তিনি প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা করেন। ভাষণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকারের পাশাপাশি একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় তুলে ধরা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশ পুনর্গঠনের ক্ষেত্রে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—থ্রিআর কৌশলের কথাও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তুলে ধরেছেন বলে রাষ্ট্রপতির বার্তায় উল্লেখ করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বিশ্বশান্তির পাশাপাশি বহুপাক্ষিকতা, ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, কর্মসংস্থান, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আরও বলেন, যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিক পরিস্থিতির অবনতির বিষয়ও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে।
জাতিসংঘকে একটি সমঝোতামূলক বিশ্বসমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে দেখার প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, সংঘাতপূর্ণ বিশ্বে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ : সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, এতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের তথ্য অনুযায়ী, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকেও রাষ্ট্রপতি একটি গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং তাঁর নিরাপদ ও সফল সফর কামনা করেন।














