জয়শ্রী রানী, নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৯টার দিকে মির্জা আব্বাসের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
শায়রুল কবির খান আরও বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই তিনি দেশে ফিরছেন এবং বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।
উল্লেখ্য, গত ১৫ মার্চ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয় মির্জা আব্বাসকে।
সেখানে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার পর তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পরিবার ও দলীয় সূত্র।
তবে দেশে ফেরার পরও তাঁর চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং প্রতিদিন ফিজিওথেরাপি দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
মালয়েশিয়া থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
তিনি জানান, দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আশা করছেন রাতের মধ্যে তাঁরা ঢাকায় পৌঁছাবেন।
তিনি বলেন, তাঁর স্বামীর শারীরিক অবস্থা অনেকটাই ভালো হলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে চিকিৎসাধীন থাকতে হবে
এবং নিয়মিত থেরাপি নিতে হবে।
তিনি আরও জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর মির্জা আব্বাস নিজেও দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন পর তাঁর সুস্থ হয়ে দেশে ফেরার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।













